কচুয়ায় প্রবাসীর ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা
কচুয়ায় প্রকাশ্য দিবালোকে প্রবাসীর ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা পূর্ব পাড়ায় টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বরুচর গ্রামের অধিবাসী সৌদি প্রবাসী সেলিম হোসেন ফরিদগঞ্জ উপজেলার আঃ কুদ্দুস পাটওয়ারীর ছেলে জাকির হোসেনের ৫০ হাজার টাকা তার স্ত্রী শাহিনুর বেগমের কাছে পাঠায়। সে অনুযায়ী জাকির হোসেন প্রবাসী সেলিমের বরুচরের বাড়িতে আসে এবং শাহিনুর বেগমের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে বাড়িতে রওয়ানা দিলে পথিমধ্যে বরুচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কথিত ডাক্তার সোহেল ও আঃ রবের ছেলে জান্নাত হোসেনসহ কয়েকজন সন্ত্রাসী জাকির হোসেনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৫০ হাজার টাকাসহ সাথে থাকা ৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
ঘটনাটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হলে অভিযুক্ত ২ বখাটে সোহেল ও জান্নাত হোসেন প্রবাসী সেলিমের স্ত্রী শাহিনুর বেগম ও জাকির হোসেন যাতে থানায় মামলা না করে এর জন্য হুমকি-ধমকি প্রদর্শন করে আসছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ছিনতাইকারীরা বর্তমানে গাঁঢাকা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন, কথিত ডাক্তার সোহেল ও জান্নাত এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বীরদর্পে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ দিকে বিষয়টি জানতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ওই গ্রামের অধিবাসী ও উপজেলা ওলামা লীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন বিষয়টি মীমাংসার দায়িত্বভার নেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে সালিস হয়েছে। সালিসে সোহেল হাজির না হওয়ায় আগামি রোববার বিষয়টি নিয়ে পুনরায় বসা হবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মোঃ আরিফুল ইসলাম কাজল জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বিস্তারিত পড়ুন...
- * চাঁদপুর কল্যাণপুর ১নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় ও কমিটি গঠন
- * ফরিদগঞ্জ লেখক ফোরাম চাঁদপুর শাখায় সাহিত্য আড্ডা
- * ফরিদগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী
- * চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক আহত
- * মতলব দক্ষিণ নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ, খাদেরগাঁও ও নারায়ণপুরে যুবদলের কমিটি গঠন
